যুক্তরাষ্ট্রের টুইন ফলসে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত একাধিক

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে এই ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। পুলিশ প্রধান ম্যাথিউ হিকস জানিয়েছেন, হামলায় বন্দুকধারী নিজেও নিহত হয়েছেন। তবে এই ঘটনায় ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন, তার সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের কাছে তথ্য পৌঁছানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ প্রধান ম্যাথিউ হিকস পরিস্থিতিকে অত্যন্ত বিশৃঙ্খল হিসেবে বর্ণনা করে বলেন, বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি নেই। শহরের মুখপাত্র জোশ পামার জানিয়েছেন, তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় শনাক্তের পাশাপাশি এই হামলার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

লেন কোহেন নামের একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে জানান, তিনি রেস্তোরাঁর কাছে একটি ট্রাফিক সিগন্যালে থাকা অবস্থায় এআর-স্টাইলের রাইফেল হাতে এক ব্যক্তিকে ড্রাইভ-থ্রু এলাকা থেকে বের হতে দেখেন। ঠিক সেই মুহূর্তে পিস্তল হাতে আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। একই সময়ে তিনি রেস্তোরাঁর এক কর্মচারীকে বুকে গুলিবিদ্ধ এক নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখেন।

এই ঘটনায় আইডাহোর সিনেটর মাইক ক্রাপো গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য স্থানীয় ফার্স্ট রেসপন্ডার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত