দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪২৩ জন রোগী। এর আগের দিন শনিবার ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩৭১ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন বিভাগে আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া একই সময়ের মধ্যে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৭২ জন।
উল্লেখ্য, এর আগের মাস জুলাইয়ে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছিল ৯ হাজার ২০৬ জন এবং এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছিল ৩৬ জনের।

