সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের একটি চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন ইকবাল হোসেন নামের এক পরীক্ষক। গত শনিবার রাতের এই ঘটনায় শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাতেনাতে আটক করেন এবং ৪০০টি উত্তরপত্র জব্দ করেন।
এই অনিয়মের পরিপ্রেক্ষিতে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অভিযুক্ত পরীক্ষক ইকবাল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্তের জন্য ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ইকবাল হোসেন সিলেটের মেট্রো সিটি উইমেন্স কলেজের খণ্ডকালীন প্রভাষক ছিলেন। বিষয়টি জানার পর কলেজ কর্তৃপক্ষ আজ দুপুরে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকে। সভা শেষে ইকবাল হোসেনকে খণ্ডকালীন প্রভাষক পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষককে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মাজাহারুল হক। জানা গেছে, অভিযুক্ত ইকবাল হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

