রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২২

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান তীব্র যুদ্ধের মধ্যে সোমবার উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় মোট ২২ জন নিহত হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় রাশিয়ায় ১৫ জন এবং ইউক্রেনে ৭ জন প্রাণ হারিয়েছেন।

রুশ প্রশাসনের দেওয়া তথ্যমতে, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ এবং ক্রিমিয়া অঞ্চলের বাসিন্দারা হতাহত হয়েছেন। এর মধ্যে ক্রাসনোদার প্রদেশের গেলেন্দঝিক জেলার একটি পর্যটনপল্লীতে ড্রোন হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। এছাড়া ক্রিমিয়া উপদ্বীপে ৪ জন এবং বেলগোরোদ প্রদেশে আরও ৪ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, সোমবার ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশের কৃভি রিহ জেলার একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোনের আঘাতে এক জরুরি পরিষেবাকর্মী এবং তার আট বছরের শিশুসহ ৩ জন নিহত হন। একই দিন রাতে জাপোরিজ্জিয়া প্রদেশে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ আরও ৮ জনের প্রাণহানি ঘটে।

এদিকে, সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ প্রদেশের বিলিই কোলোদিয়াজ এবং উস্পেনিভকা বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ২০২২ সাল থেকে চলমান এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের প্রাণহানির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যদিও উভয় পক্ষই বেসামরিকদের নিশানা করার অভিযোগ অস্বীকার করে আসছে।