৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, জানাল ডিবি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ৫ আগস্টকে ঘিরে জননিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকির তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম জানান, ৫ আগস্টের কর্মসূচিগুলোকে কেন্দ্র করে গোয়েন্দারা এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি বা হুমকির বিষয়ে কোনো তথ্য পাননি। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া কর্মসূচিগুলোর জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলোকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।