বগুড়ায় নারী ও শিশুদের যাতায়াত নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সম্মানজনক করার লক্ষ্যে বিআরটিসির পক্ষ থেকে বিশেষ দুটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিবহন সেবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, বাস পরিচালনার সাথে যুক্ত চালক ও সুপারভাইজারসহ সকল কর্মীই হবেন নারী। ইতিমধ্যে বাস দুটি বগুড়া বিআরটিসি ডিপোতে এসে পৌঁছেছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসটির উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই বগুড়া শহরে নিয়মিতভাবে বাস দুটি যাত্রীসেবায় চলাচল শুরু করবে। তবে বাসগুলোর জন্য নির্ধারিত রুট এবং ভাড়ার তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।
এ বিষয়ে বিআরটিসির বগুড়া ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কেন্দ্রীয় কার্যালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে রুট ও ভাড়া সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে। সেই নির্দেশনা পাওয়া মাত্রই বিশেষ বাস দুটি যাত্রীসেবায় নামানো হবে।

