জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত অভিনেত্রী শাবনাজ

১৯৯১ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় নাঈম ও শাবনাজের। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন শাবনাজ। এই জুটির হাত ধরেই তৎকালীন বাংলা চলচ্চিত্রে তারুণ্যের এক নতুন জোয়ার সৃষ্টি হয়েছিল। পর্দায় তাদের রসায়ন দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, পরবর্তীতে তারা ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’-এর মতো বেশ কিছু সফল সিনেমায় জুটিবদ্ধ হয়ে কাজ করেন। ব্যক্তিগত জীবনে নাঈম-শাবনাজ ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

চলচ্চিত্র ক্যারিয়ারের এক পর্যায়ে ২০০১ সালে প্রয়াত নির্মাতা আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় শেষবারের মতো এই জুটিকে একত্রে দেখা যায়। এরপর ২০০৭ সালে আজিজুর রহমানেরই ‘ডাক্তার বাড়ি’ সিনেমায় শাবনাজকে অভিনয় করতে দেখা গিয়েছিল। দর্শকদের কাছে শাবনাজ নামে পরিচিত এই অভিনেত্রীর পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে সবার বড় তিনি এবং তার ছোট বোন মৌ-ও অভিনয়ের সঙ্গে যুক্ত। বাবার বন্ধু আজিজুর রহমানের মাধ্যমেই পরিচালক এহতেশামের নজরে আসেন শাবনাজ।

আজ শাবনাজের জন্মদিন। বিশেষ কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও পরিবারের সবার সঙ্গে ঘরোয়া পরিবেশে দিনটি কাটাবেন বলে জানিয়েছেন তিনি। শাবনাজ বলেন, মহান আল্লাহর কাছে আমি অসীম কৃতজ্ঞ যে, তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন। মানুষের ভালোবাসায় আমি সব সময়ই সিক্ত থাকি, যার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তিনি আরও জানান, সবার কাছে দোয়া চাই যাতে বাকি জীবনটা স্বামী-সন্তানদের নিয়ে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারি।