বগুড়া সদরের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় দিনমজুর নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। হতাহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহণের একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় পৌঁছায়। ওই সময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি বগুড়া-নওগাঁ সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে একদল দিনমজুর বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় বলে জানা গেছে। বর্তমানে আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

