বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, দম্পতি আইসিইউতে

রাজধানীর বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সকাল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটের মধ্যে তা সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় সৃষ্ট ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। অসুস্থ অবস্থায় সকাল ৯টার দিকে তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

কন্টেন্ট: সংগৃহীত