নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশির ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি পর্যটককে ২৬ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। ভুক্তভোগীরা প্রায় তিন বছর আগে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, নায়েগ্রা ফলস পরিদর্শনের সময় ভুক্তভোগীদের বহনকারী প্রাইভেট কারটিকে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিন যাত্রীই গুরুতরভাবে আহত হন। মক্কেলদের বিশেষ অনুরোধের কারণে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী।

আইনি লড়াইয়ের বিষয়ে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, গত দুই দশকে তিনি দুর্ঘটনা, ভুল চিকিৎসা কিংবা অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়া প্রবাসীদের পক্ষে আইনি লড়াই চালিয়ে প্রায় একশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায়ে সক্ষম হয়েছেন। তবে ট্যুরিস্ট ভিসায় থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হওয়ার কারণে এই মামলাটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। এর আগেও ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা বেশ কয়েকজন দুর্ঘটনায় আহত হওয়ার পর তার ল’ ফার্ম আইনি লড়াইয়ের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ে সফল হয়েছে। আদালতের রায়ে প্রাপ্ত সেই অর্থ তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশে গিয়ে ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

কন্টেন্ট: সংগৃহীত