বলিউড তারকা আমিশা প্যাটেল বর্তমানে সিনেমায় অনিয়মিত হওয়ায় আগের মতো আলোচনার কেন্দ্রে নেই। পঞ্চাশের কাছাকাছি বয়সে পৌঁছেও এই অভিনেত্রী এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘কহো না পেয়ার হ্যায়’ খ্যাত এই তারকা।
প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন। এর জবাবে আমিশা সোজাসাপ্টা উত্তর দিয়ে লেখেন, ‘কখনও না। একা থাকতে দারুণ লাগছে।’ তিনি আরও বলেন, তার জীবনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে প্রায় একশোজন মানুষ আছেন যাদের অনেক ভালোবাসা তিনি পান। সেখানে নতুন করে একজন পুরুষ এসে তার জীবনের সব সমীকরণ বদলে দিক, তা তিনি চান না।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকে প্রেমের সম্পর্কের বলিদান দেওয়ার কথাও অভিনেত্রী বিভিন্ন সময় উল্লেখ করেছেন। অভিনয়ে আসার আগে এক শিল্পপতি পরিবারের যুবকের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। পারিবারিক ও সামাজিক অবস্থান এবং পড়াশোনার দিক থেকে সম্পর্কটি আদর্শ হলেও, আমিশার অভিনয়ে আসার বিষয়ে আপত্তি ছিল সেই প্রেমিকের। শেষ পর্যন্ত প্রেমিককে ছেড়ে অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি।
দুই দশকের বেশি সময়ের অভিনয় জীবনে আমিশা প্যাটেলের প্রেমের গুঞ্জন শোনা গেছে কয়েকজনের সঙ্গে। তবে ২০০০-এর দশকের শুরুর দিকে খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্কই সবচেয়ে বেশি আলোচিত ও পরিচিতি লাভ করেছিল।

