পুঁজিবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, সংগ্রহ করবে ১২ কোটি টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে শতভাগ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার পিএলসি। কোম্পানিটি কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। গত ১৪ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০২০তম সভায় এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের শর্ত অনুযায়ী, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে।

গাজীপুরের টঙ্গীর তিলারগাতীতে অবস্থিত নিজস্ব কারখানায় গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জাকির হোসেন পাটোয়ারী এই তথ্য জানান। এ সময় কোম্পানির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও মহাব্যবস্থাপক মো. শামসুল ইসলাম চৌধুরীসহ প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রয়্যাল ফুটওয়্যার পিএলসির চেয়ারম্যান জানান, উত্তোলিত ১২ কোটি টাকার একটি বড় অংশ বিদ্যমান ব্যাংকঋণ পরিশোধে ব্যয় করা হবে। বাকি অর্থ কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ সংগ্রহের কাজে ব্যবহৃত হবে। এতে কোম্পানির আর্থিক ব্যয় হ্রাস পাবে, নগদ প্রবাহের সক্ষমতা শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে জার্মানি, ইতালি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক মানের জুতা রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। ডাইকম্যান, ইন্টারস্পোর্ট, অ্যারেনা, রেডটেপ, বাটা, ক্যাট, ফিলা ও সিসিসির মতো বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর জন্য জুতা উৎপাদন করে থাকে রয়্যাল ফুটওয়্যার। ২০১৯-২০২০ অর্থবছরে জুতা রপ্তানিতে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে চেয়ারম্যান জানান, ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে আশুলিয়ায় ২০৬ শতাংশ জমির ওপর দ্বিতীয় উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই ইউনিট চালু হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা ও রপ্তানি আয় বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত