গোয়ালন্দে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গ্রেপ্তারকৃত নাজমা বেগম চুয়াডাঙ্গার দর্শনা থানার ইস্তানপুর ভাটাপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে। তার বয়স ৪০ বছর।

র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেরিঘাট সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমা বেগম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিলেন। এরপর তিনি সেগুলো রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এছাড়া কুষ্টিয়া সদর থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে এবং তিনি সেই মামলার এজাহারভুক্ত আসামি। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত