সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। একই সময়ে সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় বাসচালকসহ ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কন্টেন্ট: সংগৃহীত

