দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরা বিএনপির নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রীর একজন হিসেবে শপথ নিয়েছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারে তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়েছে।
আরিফুল হকের রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল চারদলীয় জোট সরকারের আমলে। তৎকালীন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে তিনি পরিচিতি পান। প্রয়াত অর্থমন্ত্রীর সিলেটকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকি করায় সে সময় তাকে ‘ছায়া অর্থমন্ত্রী’ হিসেবে অভিহিত করা হতো। এছাড়া তিনি সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জনপ্রিয়তার পরীক্ষায় আরিফুল হক ২০১৩ সালে প্রথমবারের মতো বিএনপি থেকে সিলেটের মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ সালের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ জয়ী হলেও একমাত্র সিলেটে আরিফুল হক বিজয়ী হয়ে নিজের অবস্থান শক্ত করেন। এই জয় দলের নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দেয়।
বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফুল হক চৌধুরী। এর আগে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নতুন মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি সিলেট অঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘ দুই দশক পর আবার সরকার পরিচালনা করতে যাওয়া বিএনপির মন্ত্রিসভায় ২৫ পূর্ণমন্ত্রীর একজন হলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701

