ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো নতুন ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন ট্রেন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সোমবার বিকেল ৩টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) উপস্থিত হয়ে ট্রেনটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রেলওয়ের সময়সূচী অনুযায়ী, ১৩৫ নম্বর অভিযাত্রী কমিউটার ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে বেলা সাড়ে ৩টায় ছেড়ে গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা পৌনে ৭টায়। ফিরতি পথে ১৩৬ নম্বর অভিযাত্রী কমিউটার ট্রেনটি গোপালগঞ্জ থেকে সোয়া ৭টায় ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রেনটির প্রথম যাত্রায় যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে গোপালগঞ্জ যান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

বর্তমান সরকারের নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণের প্রতিশ্রুতির অংশ হিসেবে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যেই ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন এই ট্রেন সার্ভিসটি চালু করা হলো।