মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) হিসেবে সফল দায়িত্ব পালন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক পদে পদায়ন পেয়েছেন মোঃ সোহেল পারভেজ। তাঁর এই নতুন নিয়োগে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। ২০২০ সালে প্রথম সচিব হিসেবে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যোগদানের মাধ্যমে তিনি তাঁর কর্মজীবনের এক নতুন অধ্যায় শুরু করেছিলেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে বিশেষ গতিশীলতা আনতে সক্ষম হন।
মালদ্বীপে অবস্থানকালে তিনি বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষা, শ্রম সংক্রান্ত জটিলতা নিরসন এবং বৈধ অভিবাসন ব্যবস্থাপনায় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। সংকটাপন্ন প্রবাসীদের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সমাধানে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রবাসী কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে। প্রবাসী নেতৃবৃন্দের মতে, সোহেল পারভেজের প্রশাসনিক প্রজ্ঞা এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিএসসির মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্বে তিনি দেশের সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রবাসীরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর এই নতুন কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে প্রবাসী বাংলাদেশিরা বলেন, প্রবাসীদের কল্যাণে তাঁর অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে তিনি নতুন কর্মক্ষেত্রেও একইভাবে সাফল্যের স্বাক্ষর রাখবেন বলে প্রত্যাশা তাদের।

