শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বিএনপি মালয়েশিয়া। মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি মালয়েশিয়া ও এর অঙ্গ সংগঠন।
কুয়ালালামপুরের পি ডব্লিউ টি সি এর নিকট হোটেল এসটোর হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি আব্দুল জলিল লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। দোয়া ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন দলের সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন ও দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আক্তারুজ্জামান বাচ্চু প্রবাসীদের প্রশংসা করে বলেন, প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি ও প্রকৃত দেশপ্রেমিক। অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিএনপির প্রতি ভালোবাসা দেখে তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি আরও বলেন, শহীদ জিয়াই স্বাধীন বাংলাদেশে দেশের উন্নয়নে বেকার যুবকদের প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। পারিবারিক সূত্রে বিএনপির সাথে সম্পৃক্ত হওয়ায় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অগাধ আস্থা রেখে তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরামহীন পরিশ্রম করে ইতিমধ্যেই সকল স্তরের জনগণের আস্থা অর্জন করেছেন।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান বক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের “আই হ্যেভ এ প্লান” বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত এই স্মরণসভাটি শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।

