ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. আলিফ (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের কিফায়েতনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা সেটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
পরিবার সূত্রে জানা গেছে, হবিগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র আলিফ ঈদের পাঁচ দিন আগে ঝালকাঠির নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গত শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ঘটনার তিন দিন পর নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

