সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ১৫ আগস্ট, শনিবার রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাং এলাকার পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে বাদ এশা এ অনুষ্ঠানের আয়োজন করে মালয়েশিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিন। বক্তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং জনঅধিকার রক্ষায় তার সাহসী নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা উল্লেখ করেন, একজন সাধারণ গৃহিণী থেকে দেশের প্রধান রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার উত্থানের পেছনে তার সততা, দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞার অবদান অনস্বীকার্য। প্রতিকূলতা, কারাবরণ ও নানা নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি আপসহীন অবস্থানে থেকে যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিতে তার ভূমিকাও সভায় প্রশংসিত হয়। তারা বলেন, দেশ ও জনগণের প্রতি অঙ্গীকার, আপসহীন নেতৃত্ব, সাহস ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। দেশের মানুষের সঙ্গে তার রাজনৈতিক ও আবেগগত সম্পর্ক ছিল গভীর। তার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
সভায় আলোচনা করেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ড. এস এম রহমান তনু ও আব্দুল জলিল লিটন, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, অধ্যাপক ও গবেষক সাফিউর রহমান, যুবদল মালয়েশিয়ার সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মো. নাজমুল হাসান ও শেখ মো. সেলিম, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের প্রচার সম্পাদক বাদল কারার, স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কবির, ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, বুকিট বিন্তাং বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক সোহেল রানা আজাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবু, ছাত্রনেতা আদিব আঞ্জম, যুবনেতা আলী শরিফ ও জাসাসের ফয়সাল প্রমুখ।
দলীয় নেতাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ পায়। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ভিত্তি করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের।

