চকরিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির আঙিনায় গাছের ডাল ছাঁটতে যান রাশেদা। এ সময় অসাবধানতাবশত একটি ডাল বিদ্যুতের লাইনের ওপর পড়লে পুরো গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক জানান, বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে তিনি রাশেদাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।