ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। অমিত শাহ দাবি করেছিলেন যে, গত ১২ই আগস্ট ভারতের ১৪টি রাজ্যে পরিচালিত এক বিশেষ অভিযানে নিরাপত্তা সংস্থাগুলো পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০০ জনেরও বেশি ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে। ভারতের স্বাধীনতা দিবসের মাত্র তিন দিন আগে এই অভিযান চালানো হয়েছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তান কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, নয়াদিল্লির অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে জনদৃষ্টি সরানোর লক্ষ্যেই ভারত এই ‘বিদ্বেষপূর্ণ প্রচারণা’ চালাচ্ছে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, পাকিস্তান এসব অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে কায়দায় পাকিস্তানের নাম জড়িয়ে গ্রেপ্তারের দাবি তুলেছেন, তা অত্যন্ত আপত্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অমিত শাহের দাবি অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ নামক একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং তাদের আটকের মাধ্যমে বড় ধরনের ‘নাশকতামূলক হামলা’ প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে পাকিস্তান এই দাবিকে ভারতের বিদ্বেষপূর্ণ প্রচারণার আরেকটি নগ্ন উদাহরণ হিসেবে অভিহিত করেছে। আন্দ্রাবির মতে, ভারত নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে নিয়মিতভাবে পাকিস্তানকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করে আসছে।

আন্দ্রাবি আরও অভিযোগ করেন যে, ভারত অভ্যন্তরীণভাবে একটি দমনমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘু এবং ভিন্নমতাবলম্বীদের ওপর নির্মম নিপীড়ন চালানো হচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভারত নিজেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ রপ্তানি করছে এবং বিদেশের মাটিতে টার্গেট কিলিংয়ের মতো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। পাকিস্তানের মুখপাত্রের দাবি, ভিত্তিহীন ভারতীয় ইঙ্গিত আন্তর্জাতিক মহলের নজর ভারতের নিজস্ব রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ থেকে সরাতে পারবে না। পাকিস্তান বারবার আন্তর্জাতিক ফোরামে তাদের ভূখণ্ডে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে ভারতের সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ উপস্থাপন করেছে। আন্দ্রাবি জোর দিয়ে বলেন, ভারতের এই ধরনের অপকৌশল কখনোই সফল হবে না এবং পাকিস্তান তাদের বিরুদ্ধে আনীত প্রতিটি মিথ্যা অভিযোগের যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছে।