জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার। শুক্রবার (১৪ আগস্ট) বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি হোটেলের হলরুমে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সেমিনারে বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার এবং আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন সহ-মুখপাত্র তানভীর আহমেদ তোহা। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
ডাকসুর ভিপি সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনো পূর্ণতা পায়নি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ কার্যকর করা এবং ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা জরুরি। রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার সাধনই এই আন্দোলনের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ যোগ করেন যে, উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সতর্ক করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের ষড়যন্ত্রমূলক তৎপরতা এখনো চলমান। এই পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আরও সুদৃঢ় ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সাবেক প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে বলেন, দেশের বাইরে থেকে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে সহায়ক হয়েছে।
ডা. পিনাকী ভট্টাচার্য দেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আন্দোলনের অর্জন সংহত করার ওপর জোর দেন। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে দৈনিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা তুলে ধরা হয়। এ সময় স্লাইড প্রজেক্টরের মাধ্যমে যুগান্তরে প্রকাশিত আন্দোলনকেন্দ্রিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও সংবাদচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে জুলাই বিপ্লবের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।
সেমিনারে প্রবাসে সাংবাদিকতার চ্যালেঞ্জ, দায়িত্ব ও সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী সমাজের সঙ্গে সাংবাদিকদের পেশাদার সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তাও উঠে আসে আলোচনায়।
অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, আজিমুল হক খান, খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ এবং ব্যবসায়ী শহিদুল ইসলাম।
এফবিজেএ সদস্যদের আলোচনায় অংশ নেন বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক ফ্রান্স প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সরদার হাসান ইলিয়াছ তানিম, মুমিন আনসারী, ইয়াসির আরাফাত, মামুন মাহিন, সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন। তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

