মালয়েশিয়ায় বর্ণাঢ্য আয়োজনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মালয়েশিয়ায় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরাঁর হলরুমে এশার নামাজের পর মালয়েশিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহা উদ্দিন।

বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার পেছনে তার রাজনৈতিক দূরদর্শিতা, সততা, দেশপ্রেম ও দৃঢ় নেতৃত্ব অনন্য ভূমিকা রেখেছে। দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিতে তিনি যে আপসহীন ভূমিকা পালন করেছেন, তা বাংলাদেশের রাজনীতিতে তাকে এক গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে।

নেতারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, কারাবরণ ও নির্যাতনের মুখোমুখি হওয়া সত্ত্বেও বেগম জিয়া তার আদর্শ ও অবস্থান থেকে বিচ্যুত হননি। তার এই দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সভায় উপস্থিত নেতারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ড. এস এম রহমান তনু, জামালপুর সদর বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, অধ্যাপক ও পিএইচডি স্কলার সাফিউর রহমান, যুবদল মালয়েশিয়ার সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মো. নাজমুল হাসান ও শেখ মো. সেলিম, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদলের প্রচার সম্পাদক বাদল কারার এবং স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল জলিল লিটন, মো. আরিফ হোসেন, আনোয়ার হোসেন সেলিম, সোহেল রানা আজাদ, হেলাল শিকদার, রাসেল রানা, সাইদুর রহমান বাবু, আদিব আঞ্জম, আলী শরিফ ও ফয়সালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।