মাঠেই জ্ঞান হারালেন বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, জানালেন স্নায়বিক সমস্যার কথা

বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালা জানিয়েছেন যে তিনি স্নায়বিক সমস্যায় ভুগছেন। হাইডেনহাইমে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরেই ২৩ বছর বয়সী এই জার্মান আন্তর্জাতিক ফুটবলার জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এর মাত্র তিন দিন আগে লাইপজিগের বিপক্ষে ম্যাচেও একই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। মঙ্গলবার হাইডেনহাইমের বিপক্ষে ঘটনার সময় দুই দলের খেলোয়াড়রা তাকে ঘিরে ধরেন এবং চিকিৎসা সেবা দেওয়া হয়। পরবর্তীতে তাকে মাঠ থেকে সাহায্য নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়।

এর আগে শনিবার লাইপজিগের বিপক্ষে প্রীতি ম্যাচেও মুসিয়ালা একইভাবে পড়ে গিয়েছিলেন। সে সময় তিনি নিজে পায়ে হেঁটে মাঠ ছাড়লেও তাকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। মঙ্গলবারের ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বার্তায় মুসিয়ালা জানান, চিকিৎসকরা তাকে সাময়িক কিন্তু সহজে নিরাময়যোগ্য ‘অ্যাবসেন্স সিজার’ বা স্নায়বিক সমস্যার কথা জানিয়েছেন। তিনি লেখেন, এই সমস্যার কারণেই লাইপজিগ এবং হাইডেনহাইমের ম্যাচে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বায়ার্ন মিউনিখ তাদের আনুষ্ঠানিক প্রতিবেদনে মঙ্গলবারের ঘটনা সম্পর্কে খুব সংক্ষেপে জানায় যে, মাঠে নামার কয়েক মিনিট পরেই চোটের কারণে মুসিয়ালাকে তুলে নিতে হয়েছে। তবে মুসিয়ালা তার শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত আশাবাদী এবং তিনি উন্নত চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার স্বাস্থ্যের জন্য আর কোনো বাড়তি ঝুঁকি নেই।

বিশেষজ্ঞদের সাথে নিয়মিত পরামর্শের ভিত্তিতে মুসিয়ালা তার দৈনন্দিন জীবন এবং ফুটবল খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন, এই স্বাভাবিক জীবনযাপনই তাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। উল্লেখ্য, আগামী শনিবার জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।