গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ: মুফতী রেজাউল করীম

রাজধানীর পল্টনের আইএবি মিলনায়তনে শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৭-২৮ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এই সংকট মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে বর্তমান সরকারের মন্ত্রী, এমপি ও কর্মকর্তারা অতীতের সরকারের ওপর দায় চাপাচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মুফতী রেজাউল করীম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাস পার হলেও জাতীয় সংকট নিরসনে কোনো টেকসই নীতিমালা তৈরি করতে পারেনি। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং মাদকের বিস্তার ছাত্র ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি দাবি করেন, নীতি-নৈতিকতাহীন এই সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো শরীয়াভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। তিনি সরকারকে অতীতের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যার ফলে দেশবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি দ্রুত এই পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে মুফতি অলিউল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, এস এম মোস্তফা আল মামুন মনির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন ও মুফতি আব্দুল কুদ্দুস রশিদীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।