গত ১০ বছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা

গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট ৮৪ হাজার ২ কোটি ৫৭ লাখ টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। ৯ সেপ্টেম্বর (বুধবার) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের (কক্সবাজার-৩) এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, এই সময়ের মধ্যে ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা আয় হয়েছে। অন্যদিকে, ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রপ্তানি থেকে এসেছে ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৩০টি দেশে কাঁচা পাট এবং ১৩৮টি দেশে পাটজাত পণ্য রপ্তানি করছে।

রপ্তানি বাজারের তালিকায় চীন, ইরান, স্পেন, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ রয়েছে। তবে মন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাট বিদেশে রপ্তানির বিষয়টি স্থগিত রয়েছে।