রাজধানীতে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম

ভ্রমণ পিপাসু ও পর্যটন সংশ্লিষ্টদের জন্য সুখবর নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)’। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলাটির সার্বিক আয়োজনে সহায়তা দিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

মেলার বিস্তারিত তুলে ধরতে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে বাংলাদেশসহ মোট ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিনটি বিশাল হলজুড়ে প্রায় ৩০০টি বুথে বিভিন্ন হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস এবং সরকারি-বেসরকারি পর্যটন সংস্থার সেবা ও পণ্য প্রদর্শিত হবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, “এটিএফ ২০২৬ দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সংযোগ, পর্যটন পণ্যের প্রচার এবং বাংলাদেশে পর্যটন বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এই মেলা দেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের নতুন পথ খুলে দিতে সহায়ক হবে।” তিনি আরও জানান, মন্ত্রণালয় মেলাটির অনুমোদন দিয়েছে এবং পর্যটন করপোরেশন এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ ও ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। এর পাশাপাশি বিটুবি সেশন, সেমিনার, প্যানেল আলোচনা, ডেস্টিনেশন প্রেজেন্টেশন ও নেটওয়ার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ আয়োজন থাকবে। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশসহ নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত থাকবে মেলার প্রাঙ্গণ।

সংবাদ সম্মেলনে থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রতিনিধি ছাড়াও পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় অফার ও প্যাকেজ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।