এনআইডির জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে নতুন নির্দেশনা ইসির

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে নতুন ও সহজতর নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ছাড়া) ভিত্তিতে আসা আবেদনগুলো এখন মাঠপর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হবে। এ ধরনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা সরাসরি সমাধান করতে পারবেন।

নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের তাদের অধীনস্থ কর্মকর্তাদের কাজের ওপর তদারকি বজায় রাখতে বলা হয়েছে। একইসঙ্গে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তি কর্মকর্তার অন্তত তিনটি আবেদনের সত্যতা ও নিয়মকানুন যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রমের প্রতিবেদন নির্দিষ্ট ছকে পরিচালক (অপারেশন্স) এর ইন্টারনাল একাউন্টে জমা দিতে হবে।

প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। গত ১৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের কার্যক্রমের প্রতিবেদন ২১ সেপ্টেম্বর সোমবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রতি মাসের প্রতিবেদন সেই মাস শেষ হওয়ার পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিয়মিতভাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধনের এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।