আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হওয়ার পর পুলিশের বিভিন্ন পর্যায়ের আরও ছয় কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। ট্রাইব্যুনালের রায়ে এই ছয় কর্মকর্তার মধ্যে একজন মৃত্যুদণ্ড, একজন ছয় বছরের কারাদণ্ড এবং বাকি চারজন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দিয়েছেন। এর আগে তিনি ডিএমপির রমনা জোনে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার বরখাস্তের আদেশ ২৬ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। একই ট্রাইব্যুনালের রায়ে ছয় বছরের কারাদণ্ড পাওয়া সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল বর্তমানে কক্সবাজারের উখিয়ায় ৮ এপিবিএনে কর্মরত ছিলেন। এর আগে তিনি ডিএমপির রমনা জোনে দায়িত্ব পালন করেন এবং তার বরখাস্তের আদেশও ২৬ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চারজন। রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বরখাস্ত করা হয়, যিনি আগে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। একইভাবে রাজশাহীর সারদায় সংযুক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বরখাস্ত করা হয়েছে, যিনি পূর্বে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তালিকায় থাকা বাকি দুইজনও যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং কক্সবাজারের ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শহিদুল ইসলাম এর আগে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের পরিপ্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে চূড়ান্ত এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চাকরির আরও তথ্য: প্রজ্ঞাপনে ২৬ জানুয়ারি ২০২৬ থেকে তার বরখাস্তের কথা বলা হয়েছে।