নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোড়ল গ্রামে কাওনাই নদীতে পড়ে মো. আইজ উদ্দীন শেখ (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির সামনে কাওনাই নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আইজ উদ্দীন শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার দিন সকালে পরিবারের সদস্যদের অজান্তেই তিনি বাড়ির সামনের কাওনাই নদীর তীরে যান। ধারণা করা হচ্ছে, হাত-পা ধোয়ার সময় অসাবধানতাবশত তিনি নদীর পানিতে পড়ে যান।
এ সময় বাড়িতে বেড়াতে আসা রহিম (৭০) নামের এক ব্যক্তি কিছু দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে দেখতে না পেয়ে প্রথমে ধারণা করেন তিনি হয়তো বাড়িতে ফিরে গেছেন। পরে বাড়িতে খোঁজ করেও তাকে না পেয়ে পুনরায় নদীতে অনুসন্ধান শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে নদীর পানির নিচ থেকে আইজ উদ্দীন শেখকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে গোড়ল গ্রামের ইউপি সদস্য আলী হায়দার ছন্দু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
