ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এই বর্ষীয়ান রাজনীতিবিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

তারেক রহমান তার শোকবার্তায় বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। তার প্রজ্ঞা, সততা, আদর্শ এবং কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে।

মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তারেক রহমান উল্লেখ করেন যে, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত সততা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। এছাড়া তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় আরও বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম ও প্রতিকূলতার সময়ে তিনি কখনো আদর্শচ্যুত হননি। বিশেষ করে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তার সাহসিকতা ও দৃঢ় প্রত্যয় ছিল অপরিসীম। গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার এই অবদান বিএনপির ইতিহাসে এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

তারেক রহমান মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।