৪২তম জন্মদিনে একাকীত্বের লড়াই নিয়ে মুখ খুললেন দেবশ্রী গাঙ্গুলি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রী গাঙ্গুলি সম্প্রতি তার ৪২তম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর সংগ্রাম ও একাকীত্ব নিয়ে ফেসবুকে দেওয়া এই দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, আজকের এই অবস্থানে পৌঁছাতে তাকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, একজন সিঙ্গেল মাদার হিসেবে জীবন সহজ ছিল না; সন্দেহের দিন, বিনিদ্র রাত এবং অন্তহীন লড়াইয়ের সাক্ষী তিনি। তবে ৪২ বছর বয়সে এসে নিজের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং ছেলের জন্য একটি সুখী জীবন গড়ার প্রচেষ্টায় তিনি গর্বিত বলে জানিয়েছেন।

দেবশ্রীর এই পোস্টে অনুরাগীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেও, তার বোন শুভশ্রী গাঙ্গুলির পক্ষ থেকে কোনো মন্তব্য বা শুভেচ্ছা বার্তা দেখা যায়নি। ইনস্টাগ্রামে অনেক আগে থেকেই তারা একে অপরকে আনফলো করে রেখেছেন। এই ঘটনায় টালিপাড়ায় দুই বোনের সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। স্টুডিওপাড়ার সূত্র মতে, তাদের মধ্যকার এই দূরত্ব একদিনে তৈরি হয়নি।

দুই বোনের সম্পর্কের ফাটলের পেছনে বেশ কিছু কারণের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো সন্তানদের লালন-পালন ও পারিবারিক বিষয় নিয়ে মতানৈক্য। এছাড়া দেবশ্রীর রাজনৈতিক অবস্থানও তাদের সম্পর্কের দূরত্বের একটি বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, দেবশ্রী বেশ কয়েক বছর আগে থেকেই বিজেপির সক্রিয় সদস্য, যা ইন্ডাস্ট্রির অনেকের মতে তাদের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে তুলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রেও দেবশ্রী গত কয়েক বছরে বেশ কিছু সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন, যা আগে শুধুমাত্র শুভশ্রীর বোন হিসেবে পরিচিত দেবশ্রীর ভাবমূর্তিতে পরিবর্তন এনেছে।