অপরিকল্পিত নগরায়ণে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতা দায়ী: প্রতিমন্ত্রী

রাজধানীর আবাসন ও অবকাঠামো উন্নয়নে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাকে অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে আয়োজিত প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কোনো মেগা প্রকল্পের ব্যয় নির্ধারণের বিষয়টি রাজনৈতিক ব্যক্তিদের নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ওপর ভিত্তি করেই করা হয়। তবে রাজধানীসহ দেশের অনেক এলাকায় যথাযথ নিয়ম ও পরিকল্পনা না মেনেই সড়ক এবং অন্যান্য অবকাঠামোর আশপাশে আবাসন গড়ে উঠছে। এই প্রবণতা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ক্রমবর্ধমান বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণের লক্ষ্যে সরকার এখন ছোট পরিসরের প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদী এবং সমন্বিত নগর পরিকল্পনার দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সবাইকে নির্মাণ বিধিমালা মেনে ঘরবাড়ি তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে প্রকৌশলীদের প্রতি বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।