রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি

ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দেশজুড়ে চলমান তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জে এই কর্মসূচি পালন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই দেশব্যাপী কর্মসূচির আওতায় প্রতি শনিবার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক রায়গঞ্জের পূর্ব লক্ষিকোলা ব্রিজ থেকে ভাতাহাড়িয়া সড়কে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট সড়কের আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নূরনবী সরকারসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় উপস্থিত নেতারা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারি এই অভিযানের পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল এবং আশেপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে কোথাও যেন বৃষ্টির পানি বা অন্যান্য ময়লা জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু পরিস্থিতির বিস্তার রোধ করা সম্ভব বলে আয়োজকরা অভিমত প্রকাশ করেন।