যুক্তরাজ্যের দুটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন

দেশের সংগীত অঙ্গনের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। ৪ অক্টোবর সকালের ফ্লাইটে তিনি রওনা হন। মূলত আগামী ১১ অক্টোবর লন্ডনে এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে আয়োজিত দুটি পৃথক সংগীত অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যই তার এই সফর। তার সঙ্গী যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কী-বোর্ডে পার্থ প্রতীম বাপ্পী।

শিল্পীর সফরসঙ্গী চন্দন দত্ত জানান, আগামী ১০ অক্টোবর থেকে লন্ডনের হ্যানবুরি স্ট্রিটের ‘দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ শুরু হচ্ছে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। এই উৎসবের দ্বিতীয় দিন সাবিনা ইয়াসমিন তার সংগীত পরিবেশন করবেন। উৎসবটি যুক্তরাজ্য প্রবাসী বাঙালি ও সংস্কৃতিমনা মানুষের জন্য একটি অন্যতম প্রধান বার্ষিক আয়োজন। প্রবাসী প্রজন্মের সামনে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা এবং তাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য।

নিজের অংশগ্রহণ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন জানান, গত বছরও তিনি এই উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন। আয়োজক এবং শ্রোতাদের বিশেষ আগ্রহে এবার আবারও তিনি সেখানে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। লন্ডনের অনুষ্ঠান শেষ করে ১৫ অক্টোবর তিনি স্কটল্যান্ডে আরেকটি শোতে গাইবেন। সবশেষে ১৮ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। এবারের সফর ও আয়োজনের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আশা করছি এবারের পুরো আয়োজনটি সবদিক থেকেই বেশ চমৎকার হবে।