নেত্রকোণার মদন পৌরসভার বৈশ্য পাড়া এলাকায় বিকাশ বৈশ্যরের একটি পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা রোকন মিয়ার ভাষ্যমতে, মিজানুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি বলেন, ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আজ জানতে পারি পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে কারো প্রতি তার কোনো অভিযোগ নেই বলে তিনি জানিয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

