অস্ট্রেলিয়ার দুই উৎসবে লড়বে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড

আসিফ ইসলাম পরিচালিত আলোচিত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি। তবে মুক্তির আগেই বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে বেশ সাড়া জাগিয়েছে সিনেমাটি। ইতিপূর্বে মস্কো, কাজান এবং মেলবোর্নের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার অস্ট্রেলিয়ার আরও দুটি উৎসবে সিনেমাটি নির্বাচিত হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ২৯শে অক্টোবর থেকে সিডনিতে শুরু হচ্ছে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি’। চার দিনব্যাপী এই উৎসব চলবে ১লা নভেম্বর পর্যন্ত, যেখানে ভারতীয় সিনেমার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখানো হবে। একই আয়োজকদের ব্যবস্থাপনায় এরপর ১২ই নভেম্বর শুরু হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ’। ১৫ই নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই উৎসবটি মেলবোর্ন ও সিডনির ভারতীয় চলচ্চিত্র উৎসবের একটি অংশ হিসেবে পরিচালিত হবে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এতে বাংলাদেশের যাত্রাপালার করুণ দশা ও পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। যাত্রার মূল ধারার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী কীভাবে দর্শকদের কাছে প্রধান আকর্ষণে পরিণত হন, সেটিই সিনেমার মূল উপজীব্য। চরিত্রটির জন্য ভাবনাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। উল্লেখ্য, এই সিনেমায় ভাবনা ছাড়া বাকি সব চরিত্রে অভিনয় করেছেন পেশাদার যাত্রাশিল্পীরা।