জাতীয় দলে ফেরার আকুতি জানালেন জাহানারা আলম

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার আগে আরও একবার বাংলাদেশের জার্সিতে মাঠ মাতানোর ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম। দীর্ঘ প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে থাকা ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার আবারও খেলায় ফেরার আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছেন। বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাহানারা শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেটেও ফিরতে আগ্রহী।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে আলাপকালে বিসিবির এই পরিচালক জানান, জাহানারা বোর্ডের কাছে তার প্রত্যাবর্তনের ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি নিয়মিত নিজেকে ফিট রেখেছেন যেন জাতীয় দলের হয়ে মাঠ থেকে বিদায় নিতে পারেন। রফিকুল ইসলাম বাবুর মতে, ব্যক্তিগত দ্বন্দ্ব বা দলীয় বিভাজন নয়, দেশের স্বার্থই এখন বড় বিবেচ্য বিষয়। বোর্ড তার এই আবেদনের বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছিলেন জাহানারা। এরপর ২০২৫ সালের শুরুর দিকে মানসিক প্রস্তুতির অভাবের কথা জানিয়ে তিনি অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেন এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ওই সময় থেকে এখন পর্যন্ত তাকে জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়ে দেখা যায়নি।

জাহানারা সর্বশেষ আলোচনায় এসেছিলেন ২০২৫ সালের নভেম্বরে, যখন তিনি সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ আনেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই নির্বাচককে বিসিবি আজীবন নিষিদ্ধ করে। সেই তিক্ত অভিজ্ঞতার পর আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন তিনি। এখন বিসিবি বোর্ড তার প্রত্যাবর্তনের ব্যাপারে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই সবার নজর থাকছে।