মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক: বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে দেশের প্রতিটি মোটরসাইকেলের সামনেও রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত নম্বরপ্লেট প্রদর্শন করতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন শুধুমাত্র মোটরসাইকেলের পেছনে নম্বরপ্লেট থাকার নিয়ম থাকলেও, নতুন নিয়ম অনুযায়ী সামনেও তা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজ ব্যবস্থাপনায় এই নম্বরপ্লেট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিআরটিএ। এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্দিষ্ট মাপ অনুসরণ করে নম্বর প্লেট প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্ধারিত এই নম্বরপ্লেটের আকার ও গঠন নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। তবে অন্যান্য মোটরসাইকেলের জন্য এর দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই নম্বরপ্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে এবং সাদা পটভূমির ওপর কালো রঙের ফন্টে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনায় আরও বলা হয়েছে, নম্বরপ্লেটে কোনো প্রকার নকশা বা শোভবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি সমান্তরাল বা আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। এই বিধিনিষেধ বা নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করেছে বিআরটিএ। উল্লেখ্য, বর্তমান নীতিমালার আওতায় মোটরসাইকেলের পেছনে ইতিমধ্যে আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতুর প্লেট ব্যবহারের বিধান রয়েছে, যার সাথে সামঞ্জস্য রেখেই সামনের নম্বরপ্লেট প্রদর্শনের সিদ্ধান্তটি কার্যকর করা হচ্ছে। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।