ঈশ্বরদীতে সার ডিলারশিপ নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে সার ডিলারশিপ প্রাপ্তিকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকনগর পাঠশালা মোড় এলাকায় আয়োজিত এই সম্মেলনে মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান ও ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেডের স্বত্বাধিকারী নিজাম উদ্দিন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খণ্ডন করেন। তিনি বর্তমানে ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ন্যাপ এগ্রো কেমিক্যালসের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার ভাড়ইমারী আনন্দবাজারে সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী সুমন মালিথার আয়োজিত একটি সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তাঁর দীর্ঘ ১৮ বছরের ব্যবসায়িক সুনাম নষ্ট করা এবং ডিলারশিপ নিয়ে বিভ্রান্তি তৈরির লক্ষ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কারও ব্যক্তিগত সুপারিশ বা অনৈতিক সুবিধা নিয়ে ডিলারশিপ পাননি বরং সরকারি নীতিমালা মেনেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই শেষে ডিলারশিপের জন্য সুপারিশ পেয়েছেন বলে জানান।

নিজাম উদ্দিন আরও উল্লেখ করেন, স্থানীয় ঈশ্বরদী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি তাঁর প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক পাওয়ায় তাকে সুপারিশ প্রদান করে। তিনি জানান, ২০২২ সালে তাঁর প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে একটি অভিযান চালানো হলেও, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব নথিপত্র পরীক্ষা করে পণ্য বাজারজাতের অনুমতি দিয়েছিল। রাজনৈতিক বিভক্তি তৈরি করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে একটি মহল তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

নিজের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে তিনি হয়রানির শিকার হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতেও একই রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাদের কাছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় কীটনাশক ব্যবসায়ী ছাড়াও ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোস্তফা জামান নয়ন ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন উপস্থিত ছিলেন। ডিলারশিপের সুপারিশের জন্য তিনি সংশ্লিষ্ট সরকারি কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব ধরণের ভিত্তিহীন অপপ্রচারের নিন্দা জানান।