জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে হামলা, আহত দুই পুলিশ সদস্য

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হামলাকারীরা ফাঁড়িতে প্রবেশ করে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তবে হামলাকারীরা আটককৃতদের মুক্ত করে নিয়ে যেতে ব্যর্থ হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। হামলার পর তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। ঘটনার সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ সূত্র জানায়, বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ইয়াবা কেনাবেচার সময় ৫৮টি ইয়াবাসহ মো. আনিছ (১৮) ও শিমলা (২২) নামের দুজনকে আটক করা হয়। আটকের পর তাদের ফাঁড়িতে নিয়ে আসার পরপরই অস্ত্রধারী দলটির আক্রমণের শিকার হন দায়িত্বরত পুলিশ সদস্যরা।