শারদীয় দুর্গোৎসবের আমেজকে আরও রঙিন করে তুলতে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’ নিয়েছে এক অনন্য উদ্যোগ। বাংলাদেশে প্রথমবারের মতো পূজাকেন্দ্রিক ১৩টি বিশেষ গান নিয়ে তারা হাজির করেছে ‘পুজো বাড়ির গান’ শিরোনামের একটি বিশেষ সংগীত আয়োজন। সংগীতের মূর্ছনায় বাঙালির চিরন্তন সাংস্কৃতিক আবহ, উৎসবের ঐতিহ্য এবং পূজার আনন্দকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই সংগীত প্রজেক্টে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ও গুণী শিল্পীদের একটি দল।
এই তালিকায় রয়েছেন সিঁথি সাহা, সুকন্যা মজুমদার, রেহান রাসুল, পূজা, সুস্মিতা সাহা এবং ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা সালমা, পুতুল, সন্দীপন ও সজীবসহ অনেকে। তাদের বৈচিত্র্যময় গায়কিতে ফুটে উঠেছে দুর্গোৎসবের নানা রং ও আবেগ। বিশ্বরঙ কর্তৃপক্ষ জানিয়েছে, বাঙালির সংস্কৃতিকে আধুনিক ও নতুন আঙ্গিকে উপস্থাপন করতেই এই আয়োজন। গানের সুর ও বাণীর মাধ্যমে উৎসবের অনাবিল আনন্দ সবার হৃদয়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় এই প্রয়াস নেওয়া হয়েছে।
প্রদর্শিত গানগুলো ইতোমধ্যেই বিশ্বরঙের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছে। দর্শক ও শ্রোতারা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সহজেই গানগুলো উপভোগ করতে পারছেন। এই বিশেষ সংগীত উদ্যোগটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন বিপ্লব সাহা। এছাড়া ভিডিও নির্মাণের নেপথ্যে চিত্রগ্রহণে ছিলেন অনিক চন্দ ও বি সি ইমরান এবং ভিডিওর সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের কাজটি সম্পন্ন করেছেন বি সি ইমরান।

