আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টার কম সময় হাতে থাকলেও উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের মাঠে নামা নিয়ে টিম ম্যানেজমেন্টের অস্বস্তি কাটেনি। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিকালে হিপ জয়েন্টে পাওয়া চোট নিয়েই দেশে ফিরেছিলেন তিনি।
গত কয়েকদিন ধরে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করলেও এখনো মেডিকেল বিভাগ থেকে সবুজ সংকেত পাননি লিটন। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, লিটন সকালে ফিটনেস নিয়ে কাজ করেছেন এবং বেশ ভালো অবস্থানে আছেন। শান্ত বলেন, ব্যাটিং ও ফিল্ডিংয়ে সব ধরনের অনুশীলন করলেও ফিজিও ও ট্রেনারের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে দল। সব কিছু ঠিক থাকলে তিনি খেলবেন, তবে এখনই শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

