কিংবদন্তি সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উদযাপনে ঢাকায় আয়োজন করা হয়েছে এক বিশেষ সংগীতানুষ্ঠান। ‘ইশক-এ-নুসরাত’ নামে এই ব্যতিক্রমী কাওয়ালি সন্ধ্যার উদ্যোগ নিয়েছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস। আগামী ৭ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে এই আসর বসবে। জানা গেছে, আগামী ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শকদের জন্য কেআইবি অডিটোরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে।
অনুষ্ঠানটির মঞ্চ মাতাতে প্রস্তুতি নিচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড ‘নাফস’। সংগীতের পাশাপাশি আয়োজনটিকে আরও বর্ণিল করতে মঞ্চে থাকছে ‘এইচইউ সুফি ট্রুপ’-এর মনোমুগ্ধকর সুফি নৃত্য পরিবেশনা। পুরো ভেন্যুটি ‘সুফি ভাইবস’ থিমে সাজানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানের দিন বিকেল সাড়ে ৪টায় দর্শকদের জন্য অডিটোরিয়ামের দরজা উন্মুক্ত করা হবে। এরপর সন্ধ্যা ৬টায় মূল আয়োজন শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। নুসরাত ফতেহ আলী খানের সৃষ্টি ও স্মৃতিকে সম্মান জানিয়ে অনুষ্ঠানস্থলে একটি বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন দেখার সুযোগ পাবেন দর্শকরা।
দর্শক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আয়োজকরা ভেন্যুতে পর্যাপ্ত পার্কিং এবং পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করার উপযোগী পরিবেশ নিশ্চিত করার প্রস্তুতি নিয়েছেন। তবে অনুষ্ঠানের অন্তরঙ্গ আমেজ বজায় রাখতে আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। ইতিমধ্যেই ‘টিকিফাই’ (Tickify) প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হয়েছে, যার মূল্য শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। সুফি সংগীতপ্রেমীদের জন্য এটি একটি স্মরণীয় সন্ধ্যা হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

