ভালোবাসা জীবনের এক সুন্দর প্রাপ্তি, আবার কখনোবা তা দীর্ঘশ্বাসের ক্ষত। এমন এক আবেগঘন অনুভূতির গল্প নিয়ে নতুন গান ‘আমি এক ভুল কইরাছি’ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ফারহান আহমেদ রাফাতের পরিচালনায় নির্মিত এই ভিডিওতে শিল্পী কাজী শুভকেও দেখা গেছে। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, প্রয়াত পাগল হাসানের গানের প্রতি তাঁর আলাদা এক মায়া রয়েছে। জীবিত থাকা অবস্থায়ই তিনি গানটি সংগ্রহ করেছিলেন এবং পরবর্তীতে নিজের ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে যুক্ত করেছিলেন। গানের কথায় প্রেমের আক্ষেপ ও বিচ্ছেদের হাহাকার ফুটে উঠেছে, যা শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটবে বলে তিনি আশাবাদী।
ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা গেছে, গানটি এখন তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও বিদেশি সব জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।

