নিবিড় পরিচর্যা কেন্দ্রে গুরুতর অসুস্থ ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ। দীর্ঘ দিন ধরে তিনি কিডনির জটিল সমস্যায় ভুগছেন। দেশের ক্রীড়াঙ্গনের এই বিশিষ্ট ব্যক্তিত্বের অসুস্থতার খবরে তাঁর শুভানুধ্যায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ একসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি আবাহনী ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক ও পরিচালক হিসেবেও অত্যন্ত সফল ছিলেন। এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটি এবং ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন।

তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক সহসভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। ক্রীড়া সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পক্ষ থেকে তাঁকে সেরা সংগঠকের পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

হারুনুর রশীদের সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা জানিয়েছেন শেখ আশরাফ আলী, খোরশেদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুল গাফফার, কাজী আনোয়ার, ইমতিয়াজ সুলতান জনি, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু, সম্রাট হোসেন এমিলি, শেখ মাসুদ ইকবাল মামুন, আলমগীর হোসেন, জাকির হোসেন, গোলাম গাউস, ইকবাল হোসেন, শহীদ হোসেন স্বপন, নজরুল ইসলাম, প্রাণতোষ, সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপু, জি এস হাসান তামিম ও ফারুক আহমেদ।