সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় আইসিসি নারীদের ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে অফস্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ওপেনিং ব্যাটার সাথি রানির।
দীর্ঘ ২২ মাস পর জাতীয় দলে ফিরলেন অফস্পিনার সুমনা, যিনি ২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন। অন্যদিকে, প্রায় ২ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে দলে জায়গা পেলেন ওপেনার সাথি রানি। তিনি সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
এশিয়ান গেমসের পর নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর এই টুর্নামেন্ট দিয়েই আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করছেন নতুন অধিনায়ক নাহিদা আক্তার। নেতৃত্বের দায়িত্ব ছাড়লেও অভিজ্ঞ নিগার সুলতানা স্কোয়াডে খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তবে চোটের কারণে দলের অন্যতম প্রধান পেসার মারুফা আক্তার এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এমনকি আগামী ডিসেম্বরে হতে যাওয়া নিউজিল্যান্ড সফরেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। মোট ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতাটিতে অংশ নেবে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও নেদারল্যান্ডস। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ৩টি দল সুপার সিক্সে পৌঁছাবে এবং সেখান থেকে সেরা দুটি দল ২৫ নভেম্বরের ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ট্রফি পুনরুদ্ধারের অভিযান শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১২ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে আগামী ২৫ নভেম্বর। টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। প্রতি গ্রুপ থেকে ৩ দল যাবে সুপার সিক্সে।
বাংলাদেশ ইমার্জিং নারী দলনাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, ঋতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।

