আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। গত বছরের জুন মাসে ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর পর ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এবার টি-টোয়েন্টি, লিস্ট এ এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও নিজেকে গুটিয়ে নিলেন। তবে মেলবোর্ন স্টারসের হয়ে বিগ ব্যাশ লিগে খেলা চালিয়ে যাবেন তিনি, যেখানে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত তার চুক্তি রয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। এই ফরম্যাটে ২,৮৯৭ রান সংগ্রহ করেছেন তিনি, যা অজিদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যা রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্বরেকর্ড।
অবসর নিয়ে ম্যাক্সওয়েল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে এ বিষয়ে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে তিনি বলেন, এই সিদ্ধান্তটি পুরোপুরি উন্মুক্ত ছিল এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। তারা তরুণদের সুযোগ দেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে, যা বাংলাদেশে আয়োজিত সিরিজগুলোতে দেখা গেছে।
ইংল্যান্ডের আসন্ন হোয়াইট-বল সফরে মেলবোর্নে একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। নিজের ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, এমসিজিতে ক্যারিয়ার শেষ করার স্বপ্ন থাকলেও বর্তমান দলের তরুণদের প্রতি মনোযোগ দেওয়ার যৌক্তিকতা তিনি বুঝতে পারছেন। ২০২৮ সালের অলিম্পিককে সামনে রেখে নতুনদের আন্তর্জাতিক অভিজ্ঞতার সুযোগ দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
হাঁটুতে ইনজুরি ও শারীরিক পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে ম্যাক্সওয়েল আরও বলেন, ‘আমি মনে করি নিজের শরীরের যত্ন নেওয়ার এটাই সঠিক সময়। ক্যারিয়ারের শেষ পর্যায়ে যেসব টুর্নামেন্ট খেলব, সেগুলোর জন্য প্রস্তুত থাকতে এই বিরতি প্রয়োজন।’
উল্লেখ্য যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ উপস্থিতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়া বিদায় নেওয়ার পরই মূলত তার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় সমাপ্ত হয়।

