বায়ুদূষণ ও অবকাঠামোগত সংস্কারকাজের কারণে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হতে পারে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। আগামী ১৩ ডিসেম্বর সূচিত এই ম্যাচটি রাজধানী শহরে আয়োজনে নিজেদের অপারগতার কথা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।
সূত্রের খবর অনুযায়ী, বছরের এই নির্দিষ্ট সময়ে দিল্লিতে চরম আকার ধারণ করা দূষণ পরিস্থিতিকে প্রধান কারণ হিসেবে দেখিয়েছে ক্রিকেট সংস্থাটি। একই সঙ্গে স্টেডিয়াম জুড়ে বর্তমানে সংস্কারকাজ চলায় নির্ধারিত দিনে ম্যাচটি আয়োজন করা সম্ভব নয় বলে বিসিসিআইকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে ডিডিসিএ।

